হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের অভিযোগে ৭০ জনের বেশি শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, র‍্যাগিংয়ের অভিযোগের পর অভিযুক্ত শিক্ষার্থীদের এ নোটিশ দেওয়া হলেও এখন পর্যন্ত তারা কেউ এর জবাব দেননি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও ভাবছে প্রশাসন।

এ বিষয়ে হাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মো. নওশের ওয়ান বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। আমরা প্রক্টরিয়াল টিম এ বিষয়ে যথেষ্ট সোচ্চার। বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের একাডেমিক শৃঙ্খলা রক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেব। আমরা চাই শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে পড়াশোনা করে এ দেশের কল্যাণে কাজ করুক। সকলেই মেধার ভিত্তিতে এখানে ভর্তি হয়েছে। কেউ কারও ওপর দমন-পীড়ন চাপিয়ে দেবে, সে বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”