ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্যে দিবালোকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন মাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তি দুপুর দেড়টার দিকে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানার দায়িত্বরত ডিউটি অফিসার মামলার তথ্য নিশ্চিত করেছেন।

শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানী তিন মাজার এলাকায় মো. ইয়াসিন আরাফাত নামে এক ব্যক্তির থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই চলছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মৌখিক অবগত হয়েছি। এখন অন্য একটি এলাকায় ডিউটিতে আছি। অভিযোগের কাগজ হাতে পেলেই অপরাধী শনাক্তের কাজ শুরু করব।’

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) দুপুরে আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। কী ঘটেছে তা খোঁজ নিয়ে দেখব।’

প্রক্টর আরও বলেন, ‘যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি।’