রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবে অল্প সময়ের মধ্যে এ ভারী বর্ষণ হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল হক জাগো নিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, শনিবার ১১ জুলাই সন্ধ্যা ৬টা থেকে আজ (রোববার) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অথচ পুরো জুলাই মাসে ঢাকায় গড়ে প্রায় ৩৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা।
আবহাওয়াবিদ নাজমুল হক বলেন, এপ্রিল-মে মাসে সাধারণত বিচ্ছিন্নভাবে বৃষ্টি হয়। এসময় একই এলাকায় কোথাও বৃষ্টিহীন এ রকম পরিস্থিতি থাকে। কিন্ত জুন-জুলাই মাসে ঢাকার প্রায় সব এলাকাতেই বৃষ্টি হয়।
আরও পড়ুন
কোমরসমান পানি, নিউমার্কেটে ১০ টাকার ভ্যান সার্ভিস
ভারী বৃষ্টির কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, বর্তমানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। একই সঙ্গে পশ্চিমা লঘুচাপও কার্যকর অবস্থায় আছে। এই দুই আবহাওয়া ব্যবস্থার সম্মিলিত প্রভাবে বিশেষ করে দেশের মধ্যাঞ্চলে, যেমন ঢাকা, ফরিদপুর ও মাদারীপুর এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছে। চট্টগ্রামেও সমান তালে বৃষ্টি হচ্ছে।
আরএএস/এমআইএইচএস








