রংপুর নগরীর মর্ডান মোড় এলাকায় সড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর মর্ডান মোড় এলাকার তুলা গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, মেয়েকে সঙ্গে নিয়ে সড়ক পার হচ্ছিলেন মাওলানা আবুল কাশেম। এ সময় রংপুর থেকে ঢাকাগামী আরএম পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনায় তার সঙ্গে থাকা ১০ বছর বয়সী কন্যা আহত হয়।

নিহত আবুল কাশেম নগরীর জিয়াতপুকুর মাজার শরিফ দাখিল মাদরাসার সুপার ছিলেন। তিনি একটি মসজিদের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করতেন। বাড়ি মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে।

এদিকে দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় বাসটির চালক ও হেলপার পালিয়ে যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক করে। প্রায় এক ঘণ্টা পর মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।

বিক্ষুব্ধরা বাসচালক ও হেলপারকে দ্রুত গ্রেপ্তার, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

রংপুরের তাজহাট থানার ওসি রফিকুল ইসলাম রফিক বলেন, দুর্ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।