রোববার ভোর থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার মতো অভিজাত এলাকা ধানমন্ডি ও এর পার্শ্ববর্তী এলাকাতেও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রোববার দিবাগত মধ্যরাতের পর অধিকাংশ সড়ক থেকে পানি নেমে গেলেও ধানমন্ডি লেকসংলগ্ন উন্মুক্ত মঞ্চ রবীন্দ্র সরোবর এবং ৮ নম্বর ব্রিজসংলগ্ন লেক টাউন রেস্টুরেন্ট থেকে এখনো পানি সরেনি।
সোমবার (১৩ জুলাই) বিকেলে সরেজমিনে দেখা যায়, টানা বৃষ্টির প্রভাবে ধানমন্ডি লেকের পানি বিপৎসীমা অতিক্রম করে উপচে পড়েছে। পানির উচ্চতা বেড়ে যাওয়ায় লেকপাড়ে অবস্থিত জনপ্রিয় রবীন্দ্র সরোবর চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে। লেকের চারপাশের হাঁটার পথেও পানি উঠে গেছে। ফলে ধানমন্ডি লেকে স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
টানা বর্ষণে রাজধানীর বিভিন্ন খাল, লেক ও জলাধারের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আশপাশের নিচু এলাকা ও উন্মুক্ত স্থানগুলোতে পানি জমে যায়। ধানমন্ডি লেকের পানিও দ্রুত বৃদ্ধি পাওয়ায় লেকপাড়ের হাঁটার পথ, উন্মুক্ত মঞ্চ এবং সংলগ্ন বিভিন্ন স্থাপনায় পানি উঠে পড়ে। এতে শুধু দর্শনার্থীরাই নন, লেককেন্দ্রিক বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রমও সাময়িকভাবে ব্যাহত হয়েছে।
টানা বৃষ্টিতে রবীন্দ্র সরোবর চত্বর সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়েছে/ছবি: জাগো নিউজ
লেকপাড়ের হাঁটার পথ পানিতে তলিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও দর্শনার্থীদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এলাকাটিতে সাধারণ মানুষের হাঁটাচলা কার্যত বন্ধ হয়ে পড়েছে। দীর্ঘ সময় ধরে পানি জমে থাকায় স্থবির হয়ে পড়েছে ওই এলাকার স্বাভাবিক জনজীবন।
আরও পড়ুন
এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্পে জলাবদ্ধতা, নেপথ্যে কী?
রবীন্দ্র সরোবর রাজধানীর অন্যতম জনপ্রিয় সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র। প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত এখানে নানা বয়সী মানুষের পদচারণা থাকে। পাশাপাশি ধানমন্ডি লেকসংলগ্ন লেক টাউন রেস্টুরেন্টেও প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর সমাগম হয়। তবে জলাবদ্ধতার কারণে সোমবার সেখানে স্বাভাবিক পরিবেশ ছিল না। লেকপাড়ের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় অনেক দর্শনার্থীকে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যেতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টিপাত এভাবে অব্যাহত থাকলে পানি আরও বাড়তে পারে। দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা না নিলে ভোগান্তি আরও দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা রয়েছে।
জিগাতলার বাসিন্দা আনিসুজ্জামান স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে প্রায়ই রবীন্দ্র সরোবরে ঘুরতে আসেন। কিছুক্ষণ শিশুদের নিয়ে খেলাধুলা ও ঘোরাঘুরি করে ফুড কার্টে খাবার খেয়ে বাসায় ফিরে যান। তবে সোমবার এসে তিনি দেখেন উন্মুক্ত মঞ্চের সামনের পুরো এলাকা পানিতে থই থই। শুধু আনিসুজ্জামানই নন, লেকপাড়ে ঘুরতে আসা অনেক দর্শনার্থী রবীন্দ্র সরোবর প্রাঙ্গণ ও হাঁটার পথ পানিতে তলিয়ে যেতে দেখে হতাশা প্রকাশ করেন।
আরও পড়ুন
২৪ ঘণ্টা পরও পানির নিচে ‘অভিশপ্ত’ নিউমার্কেটের সড়ক
ধানমন্ডি ৮ নম্বর ব্রিজসংলগ্ন লেক টাউন রেস্টুরেন্টটি দর্শনার্থীদের প্রিয় জায়গা। এখানে বসে অনেকে লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন এবং খাবার খান। এ রেস্টুরেন্ট থেকেই প্যাডেলচালিত নৌকা ভাড়া নিয়ে লেকে ঘুরে বেড়ানোর সুযোগ রয়েছে।
পানি জমে থাকায় অনেক দর্শনার্থীকে রবীন্দ্র সরোবরে কিছুক্ষণ অবস্থান করে ফিরে যেতে দেখা যায়/ছবি: জাগো নিউজ
সোমবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, বৃষ্টির পানি রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছে। ব্রিজ দিয়ে যাতায়াতকারী অনেকেই কিছুক্ষণ দাঁড়িয়ে এ দৃশ্য দেখছিলেন।
রেস্টুরেন্টের এক কর্মচারী জানান, রোববার ভোর থেকে টানা বৃষ্টির কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। আপাতত রেস্টুরেন্টের সার্ভিস বন্ধ রাখা হয়েছে। বর্তমানে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা অপসারণের কাজ চলছে।
এদিকে বৃষ্টি কমে এলেও ধানমন্ডি লেকসংলগ্ন এলাকায় এখনো পুরোপুরি স্বাভাবিক অবস্থা ফিরে আসেনি। দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে রবীন্দ্র সরোবর, লেকভিউ রেস্টুরেন্ট এবং আশপাশের বিনোদনকেন্দ্রগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু হতে আরও সময় লাগতে পারে বলে মনে করছেন স্থানীয়রা।
এমইউ/ইএ








