ঢাকার দোহার উপজেলায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বাড়ি ফাঁকা থাকার সুযোগে দুর্বৃত্তরা গভীর রাতে তালা কেটে ঘরে থাকা ২০ ভরি স্বর্ণালংকার এবং সাড়ে ৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। রোববার ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামের কাশেম খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিন দেখা যায়, দুর্বৃত্তরা ঘরের মূল দরজার তালা কেটে আলমারি, ড্রয়ার ও অন্যান্য আসবাবপত্র ভেঙে পুরো ঘর তছনছ করেছে। গৃহকর্তা কাশেম খাঁ জানান, ‘তার চার ছেলের মধ্যে দুজন যুক্তরাজ্যে এবং দুজন কাতারে কর্মরত। গত শুক্রবার দুপুরে তিনি ও তার স্ত্রী ঢাকার বাসায় যান। এরই মধ্যে শনিবার ভোরে কাতার প্রবাসী এক ছেলে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। তবে তারা গ্রামের বাড়িতে না গিয়ে ঢাকার বাসাতেই অবস্থান করছিলেন। রোববার ভোরে পুত্রবধূর ফোনে চুরির খবর পেয়ে তারা দ্রুত বাড়িতে ফিরে আসেন। এসে দেখেন, টাকা ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।’ এ বিষয়ে দোহার থানার এসআই জীবন চন্দ্র বর্মণ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।