অতিবৃষ্টি আর উজান থেকে নেমে আসা ঢলে দ্রুত বাড়ছে তিস্তা নদীর পানি। ফলে নীলফামারী ও লালমনিরহাট জেলায় নদীতীরের নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, আজ সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নীলফামারীর ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এর আগে আজ বিকেল ৩টায় এই পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। তবে তিন ঘণ্টার ব্যবধানে সন্ধ্যা ৬টায় পানি বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে। তার সোয়া ১ ঘণ্টা পর উচ্চতা বেড়ে বিপৎসীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করে।
ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, রাতে তিস্তার পানি আরও বাড়তে পারে।
স্থানীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ড সূত্র বলেছে, উজানে ভারতে কয়েক দিন ধরে ভারী বৃষ্টির কারণে তিস্তায় পানির প্রবাহ বেড়েছে। এর সঙ্গে যোগ হয়েছে নীলফামারী ও লালমনিরহাটে গত দুই দিনের ভারী বৃষ্টি। এর আগে গত মাসের শেষ দিকে তিস্তার পানি বিপৎসীমা ছাড়িয়ে গেলে নদী তীরের নিচু এলাকাগুলোয় একবার স্বল্পমেয়াদি বন্যা হয়। অবশ্য একদিন পরেই পরিস্থিতির উন্নতি উন্নতি ঘটেছিল। এরপর গত বুধবার পানি বাড়তে শুরু করে। পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিপৎসীমার কাছে চলে আসে পানির উচ্চতা। সেই পরিস্থিতিরও একদিন পরেই উন্নতি ঘটে।
গতকাল রোববার রাতে শুরু হওয়া ভারী বৃষ্টি আজ সোমবার দুপুর পর্যন্ত অব্যাহত ছিল। উজানের ঢলের সঙ্গে ভারী বৃষ্টির প্রভাবে আবারও বাড়তে শুরু করেছে তিস্তার পানি। এরই মধ্যে লালমনিরহাটে নদীতীরের নিচু এলাকাগুলোয় পানি ঢুকতে শুরু করেছে।
লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, যেভাবে তিস্তার পানি বাড়ছে, তাতে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা তৈরি হয়েছে।








