দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য আগ্রহী ব্যক্তিগণের নিকট থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আবেদন জমা পড়ার পর তার তালিকা দুদক কমিশনের শূন্যপদে নিয়োগের জন্য দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ধারা ৭ অনুযায়ী গঠিত বাছাই কমিটি রাষ্ট্রপতির নিকট সুপারিশ প্রদানের জন্য প্রেরণ করবে।
কমিশনের শূন্যপদে আগ্রহী ব্যক্তিগণের আইনের ধারা ৮ এর উপধারা (১) এর বিধান মোতাবেক প্রয়োজনীয় অভিজ্ঞতা থাকতে হবে। আইনের ধারা ৮ এর উপধারা (২) এ উল্লিখিত ব্যক্তিগণ কমিশনার হিসেবে নিযুক্ত হবেন না।
বৃহস্পতিবার (২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, কমিশনের শূন্যপদে জীবন বৃত্তান্তে আগ্রহী ব্যক্তির নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, পেশা/চাকরির অভিজ্ঞতার সুনির্দিষ্ট বিবরণ (মেয়াদকালসহ) এবং মোবাইল নম্বর ও ইমেইল উল্লেখপূর্বক স্বাক্ষর করে দাখিল করতে হবে।
জীবনবৃত্তান্তের সাথে সাম্প্রতিক সময়ের দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র এবং পেশাগত যোগ্যতা ও অভিজ্ঞতার স্বপক্ষে সকল সনদপত্রের কপি জমা দিতে হবে। খামের ওপর “দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান/কমিশনার পদের জন্য জীবনবৃত্তান্ত” উল্লেখ করতে হবে।
সচিবালয় কেন্দ্রীয় পত্র গ্রহণ কেন্দ্র, মন্ত্রিপরিষদ বিভাগ, বাংলাদেশ সচিবালয় গেইট নং-০৫ অথবা জেলা ম্যাজিস্ট্রেসি নীতি শাখা, কক্ষ নম্বর-৯৩৫, মন্ত্রিপরিষদ বিভাগ, ভবন নং-০১ (নতুন), বাংলাদেশ সচিবালয়, ঢাকা এই ঠিকানায় জীবনবৃত্তান্ত পাঠানোর জন্য বলা হয়েছে।
জীবনবৃত্তান্ত ১৩ জুলাই বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে। যারা উল্লিখিত তথ্যাদি কাগজপত্রসহ ইতোমধ্যে আবেদন করেছেন তাদের পুনরায় জীবনবৃত্তান্ত জমা দেওয়ার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।








