২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষার্থীরা।

তাদের ভাষ্য, প্রশ্ন সহজ ও মানসম্মত হওয়ায় পরীক্ষা ভালো হয়েছে। তবে বহুনির্বাচনি (এমসিকিউ) অংশের কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে কিছুটা দুশ্চিন্তায় রয়েছেন কেউ কেউ।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে রাজধানীর তেজগাঁও কলেজ কেন্দ্র থেকে পরীক্ষা শেষে বেরিয়ে আসা শিক্ষার্থীরা এসব কথা বলেন।

jagonews24

শেরেবাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী তানভীর বলেন, ‘পরীক্ষা খুব ভালো হয়েছে। প্রশ্নপত্র সহজ ছিল। হলের পরিবেশও ভালো ছিল, খুব বেশি কড়াকড়ি ছিল না।’

হাসিবা নামে এক পরীক্ষার্থী বলেন, ‘প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে। প্রস্তুতি অনুযায়ী পরীক্ষা দিতে পেরেছি। আশা করছি ভালো ফল হবে।’

আরেক পরীক্ষার্থী ফাহমিদা বলেন, ‘প্রশ্ন অনেকটাই গতানুগতিক ছিল। সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। প্রথম দিনের পরীক্ষা ভালো হয়েছে। তবে এমসিকিউ অংশে দুই-একটি প্রশ্ন নিয়ে একটু দ্বিধায় আছি।’

jagonews24

পরীক্ষা শেষে আরও কয়েকজন শিক্ষার্থী জানান, সৃজনশীল অংশ তুলনামূলক সহজ হলেও এমসিকিউতে কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে তারা নিশ্চিত নন।

এদিকে বৃহস্পতিবার সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে সারাদেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা।

এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঘোষিত সময়সূচি অনুযায়ী লিখিত পরীক্ষা আগামী ৮ আগস্ট পর্যন্ত চলবে।

ইএইচটি/এমআরএম