বৈদেশিক বাণিজ্য সহজ ও দ্রুত করতে আমদানির ঋণপত্র (এলসি) এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাগজপত্র ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে যাছাই করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এজন্য পরীক্ষামূলকভাবে একটি কাঠামো চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এর ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো এ সংক্রান্ত নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে যাছাই করতে পারবে।

বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি প্রজ্ঞাপন জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক রপ্তানির সমুদয় নথিপত্র ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করার নিয়ম চালু করেছে। এখন আমদানিসহ অন্যান্য নথির ক্ষেত্রে ওই পদ্ধতি চালু হলো। এর ফলে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বৈদেশিক বাণিজ্যিক লেনদেনের কাগজপত্র ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করা হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন এ উদ্যোগের ফলে আমদানি-রপ্তানি বাণিজ্য সহজ হবে এবং কম সময়ে নিষ্পত্তি করা সম্ভব হবে। এতে উদ্যোক্তাদের সময় সাশ্রয় হবে এবং খরচ কমবে। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাও বাড়বে। কারণ বাংলাদেশের সঙ্গে বৈদেশিক বাণিজ্য রয়েছে এমন অনেক দেশ বেশ আগেই এসব বিষয় ডিজিটাল পদ্ধতিতে যাচাই-বাছাই করতে শুরু করেছে। এতে আরও বলা হয়, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সময় কমানো এবং ব্যয় সাশ্রয় করতে ডিজিটাল পদ্ধতিকে এগিয়ে নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাণিজ্যিক অর্থায়নের ক্ষেত্রে ব্যাংকগুলোর দক্ষতা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বাড়বে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড মেনে আইনগতভাবে বৈদেশিক বাণিজ্য সম্পন্ন করতে পারবে।