ডিজিটাল ভূমিসেবাকে আরও নিরাপদ এবং নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা ও তথ্য সুরক্ষা নির্দেশিকা জারি করেছে ভূমি মন্ত্রণালয়। মঙ্গলবার জারি করা এ নির্দেশিকায় ভূমি মন্ত্রণালয় এবং এর আওতাধীন সব দপ্তরের, কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প এবং সংশ্লিষ্ট ভেন্ডর ও পরামর্শক প্রতিষ্ঠানের জন্য সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশিকা লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, ভূমিসেবাসংক্রান্ত তথ্যের গোপনীয়তা, অস্পষ্টতা এবং প্রয়োজনের সময় তথ্যের প্রাপ্যতা নিশ্চিত করাই এর প্রধান লক্ষ্য। এর মাধ্যমে সাইবার হামলা, তথ্য চুরি ও তথ্য বিকৃতির ঝুঁকি কমিয়ে একটি নির্ভরযোগ্য ডিজিটাল ভূমিসেবা ব্যবস্থা গড়ে তোলা হবে। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বা সচিবের নেতৃত্বে ইনফরমেশন সিকিউরিটি গভর্ন্যান্স কমিটি গঠন করা হবে। পাশাপাশি একজন চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার (সিসো) সার্বিক তথ্য নিরাপত্তা কার্যক্রম সমন্বয় করবেন।