সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ।

সোমবার মধ্যরাতে সাভার মডেল থানায় অজ্ঞাত আসামিদের নামে মামলা হয়। মঙ্গলবার (৭ জুলাই) সকালে এ তথ্য জানান সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নুর মোহাম্মদ। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার বাদী হয়েছেন- এনসিপির ঢাকা জেলা উত্তরের সদস্য সচিব সালামত উল্লাহ রনি, জুলাই যোদ্ধা মো. ইউনুস আলী এবং আজহারুল ইসলাম তামিম। 

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে সাভারের তারাপুর মাঠে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রার সমাবেশে ককটেল বিস্ফোরণ ঘটনায় দুর্বৃত্তরা। এতে তিন নেতাকর্মী আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ ঘটনায় তিনি সঙ্গীয় আজাহারুল ইসলাম তামিম ও জুলাই যোদ্ধা ইউনুস আলীকে নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।

এদিকে, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) জাহাঙ্গীর আলমকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। কমিটির অন্য সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) নূর মোহাম্মদ বলেন, “রাতে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

তদন্ত কমিটির বিষয়ে ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, “এই কমিটির প্রধান হবেন, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম, অপস্ ও ট্রাফিক উত্তর মো. জাহাঙ্গীর আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান ও সাভার মডেল থানার নূর মোহাম্মদ। এই তিনজনকে দিয়ে আপাতত কমিটি করে দিচ্ছি। উনারা তদন্তের স্বার্থে সদস্য বৃদ্ধির প্রয়োজন মনে করলে করতে পারেন।”