বগুড়ার শিবগঞ্জ উপজেলায় গবাদিপশুকে ল্যাম্পি স্কিন ডিজিজ (এলএসডি) থেকে সুরক্ষায় বিনামূল্যে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে শিবগঞ্জ পৌর এলাকার বেড়াবালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মাহবুব হাসান চৌধুরী জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপির উদ্যোগে শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার ২০টি কেন্দ্রে ৫ হাজার ডোজ এলএসডি ভ্যাকসিন বরাদ্দ দেওয়া হয়েছে। এই কার্যক্রমের ফলে এলাকার খামারি ও গবাদিপশু পালনকারীরা সরাসরি উপকৃত হবেন।উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে, শিবগঞ্জ ও মোকামতলা উপজেলাসহ সংশ্লিষ্ট পৌর এলাকায় এলএসডি ও পিপিআর টিকাদান কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে। গবাদিপশুর স্বাস্থ্য সুরক্ষা ও খামারিদের আর্থিক ক্ষতি কমাতে সরকারিভাবে এই কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এস এম তাজুল ইসলাম, পৌর মেয়র প্রার্থী ও উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, পৌরসভার প্রধান সহকারী বদিউজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের ফজলুর রহমান, পৌর যুবদলের সভাপতি আবু শাহীন, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান সুজনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।/