গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় শাহ জালাল মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তার বড় ভাইয়ের ছেলে গোলাম হোসেনের (৩৫) বিরুদ্ধে।
শনিবার (১১ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের কেতকিরহাট মাঝিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহ জালাল মিয়া ওই গ্রামের মৃত নিয়ামতুল্লাহ শেখের ছেলে।
নিহতের স্ত্রী পারুল বেগম জানান, প্রতিদিনের মতো শনিবার রাতে তিনি নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত ২টার দিকে গোঙানির শব্দে তার ঘুম ভেঙে যায়। দ্রুত স্বামীর কক্ষে গিয়ে গোলাম হোসেনকে পালিয়ে যেতে এবং ঘরে শাহ জালাল মিয়ার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা জানান, অভিযুক্ত গোলাম হোসেন মাদকাসক্ত। তুচ্ছ ঘটনার জেরে প্রায়ই তিনি তার স্ত্রীকে মারধর করতেন। চাচা শাহ জালালসহ প্রতিবেশীরা এর প্রতিবাদ করতেন। তখন থেকেই গোলাম হোসেন চাচার ওপর ক্ষুব্ধ ছিলেন। এ ঘটনার জেরেই হয়তো চাচাকে খুন করেছেন। ঘটনায় পর থেকে তিনি পলাতক।
ফুলছড়ি থানার ওসি দুরুল হোদা বলেন, “ঘটনাস্থল থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত গোলাম হোসেনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”








