গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খান আওয়ামী লীগের তকমা গুটিয়েই বালু ফেলে বিল ভরাট শুরু করে দিয়েছেন।
শনিবার দুপুরে তিনি বাড়িয়া ইউনিয়ন পরিষদ ভবনে তার নিজ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আওয়ামী লীগের তকমা গোটাতে চাই। আমি আর রাজনীতি করব না। কোনো দলের সঙ্গেও যুক্ত থাকব না। তবে, এলাকার মানুষের সঙ্গে সামাজিক ও উন্নয়নমূলক কাজে জড়িত থাকব।’
হাবিবুর রহমান হাবিব গাজীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি পতিত সরকারের সর্বশেষ ইউপি নির্বাচনে বাড়িয়া ইউপির চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমানে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে ৫ আগস্টের পর তিনি গ্রেফতার হয়ে কারাভোগ করে জামিনে মুক্তি লাভ করেন। সম্প্রতি তার বিরুদ্ধে একটি মামলা হয়। এরই মধ্যে তিনি তার নিজ এলাকার খাতিয়া ব্রিজসংলগ্ন বিল ভরাট শুরু করছেন। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস বলেন, খবর পেয়ে আমি সরেজমিন কাউকে পাইনি। মাটি ভরাটের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। স্থানীয় লোকজন বলছেন এ মাটি হাবিব চেয়ারম্যান ভরাট করছেন। ভূমির মালিকানা যাচাই করে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগের বিষয়ে হাবিব চেয়ারম্যান জানান, ওখানে আমার এক বিঘা উঁচু জমি ছিল। সম্প্রতি রাস্তা নির্মাণের সময় ঠিকাদার ওই জমি থেকে মাটি কেটে নেয় এবং কথা ছিল পরবর্তীতে ঠিকাদার আমার এ জমি ভরাট করে দেবেন। সরল মনে আমি ওই ঠিকাদারকে রাস্তার জন্য মাটি দিয়েছিলাম। এখন তিনি মাটি ভরাট করে দিচ্ছেন। তিনি আরও জানান, প্রতিপক্ষ বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করে আসছেন। ২০১৯ সালের ২ মে তিনি জেলা আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন। সেই বছর ৩১ জুলাই তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।








