টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হওয়ার পর জাতীয় দলের নতুন কোচ খুঁজছে ইতালি। সেই তালিকার শীর্ষে উঠে এসেছে বিশ্বের অন্যতম সফল কোচ পেপ গার্দিওলার নাম। তবে আপাতত ইতালির প্রস্তাবে সাড়া দিতে আগ্রহী নন সাবেক বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির এই কোচ।

ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেছিল। তবে একটি সূত্রের দাবি, দুই পক্ষের কথোপকথন মাত্র ‘এক মিনিট’ স্থায়ী হয়েছিল। কারণ, গত মে মাসে ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছাড়ার পর অন্তত এক বছরের জন্য ফুটবল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্তে অটল রয়েছেন গার্দিওলা।

প্রতিবেদনে আরও বলা হয়, শুধু ইতালিই নয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে আরও তিনটি দেশ গার্দিওলাকে তাদের জাতীয় দলের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছে। প্রতিবারই তার পক্ষ থেকে একই উত্তর এসেছে- তিনি আপাতত বিশ্রাম নিতে চান।

যদিও আগ্রহী কয়েকটি দেশ গার্দিওলার জন্য অপেক্ষা করতেও প্রস্তুত। কারণ, আগামী বছরে বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট না থাকায় নতুন কোচকে সময় দেওয়ার সুযোগ রয়েছে।

সূত্রটি অন্য দেশগুলোর নাম নিশ্চিত না করলেও নেদারল্যান্ডসের আগ্রহের কথা জানা গেছে। বিশ্বকাপের শেষ-৩২-এ মরক্কোর কাছে হেরে বিদায়ের পর রোনাল্ড কোম্যান দায়িত্ব ছাড়েন। এরপর থেকেই ডাচ ফুটবল ফেডারেশনও গার্দিওলাকে সম্ভাব্য কোচ হিসেবে বিবেচনা করছে।

ইংল্যান্ড জাতীয় দলের সঙ্গেও বহুদিন ধরেই গার্দিওলার নাম জড়িয়ে আসছে। যদিও বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে হারের পরও থমাস টুখেলকেই দায়িত্বে রাখার সিদ্ধান্তে অটল ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন। তবে ভবিষ্যতে ইংল্যান্ডের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তার।

আরও পড়ুন

ইতালির ফুটবলে পরিবর্তনের দায়িত্ব তুলে দেওয়া হলো দুই কিংবদন্তীর হাতে

নতুন কোচ খুঁজতে বিলম্ব ইতালির

ইতালির কোচ খোঁজার প্রক্রিয়া কয়েকটি কারণে ধীরগতির হয়েছে। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর নতুন কোচ নিয়োগের উদ্যোগ নেয় এফআইজিসি।

তবে তার আগে নতুন সভাপতি নির্বাচন সম্পন্ন করতে হয়েছে। গত ২২ জুন জিওভান্নি মালাগো সভাপতি নির্বাচিত হন। এরপর ইতালির সাবেক কিংবদন্তি ডিফেন্ডার পাওলো মালদিনিকে জাতীয় দলের টেকনিক্যাল ডিরেক্টর করা হয়েছে। পাশাপাশি ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দোকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যিনি নতুন কোচ নির্বাচনের প্রক্রিয়ায় সহায়তা করবেন।

গার্দিওলার পাশাপাশি আন্দ্রে পিরলোর নামও আলোচনায় রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে আন্তোনিও কন্তে ও রবার্তো মানচিনিই সবচেয়ে এগিয়ে আছেন বলে জানা গেছে।

বিশ্বকাপে হতাশা, ইউরোতে সাফল্য

একসময় বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ইতালি ২০০৬ সালে চতুর্থবারের মতো বিশ্বকাপ জিতেছিল। কিন্তু এরপর থেকেই বিশ্বকাপে তাদের পারফরম্যান্সে বড় ধস নামে। ২০১০ ও ২০১৪ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় আজ্জুরিদের। এরপর ২০১৮, ২০২২ এবং সর্বশেষ ২০২৬- টানা তিনটি বিশ্বকাপেই মূল পর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তাদের সাফল্য তুলনামূলক ভালো। রবার্তো মানচিনির অধীনে ২০২১ সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল ইতালি। এখন সেই সাফল্যের ধারায় ফেরার লক্ষ্যেই অভিজ্ঞ ও প্রমাণিত একজন কোচকে দায়িত্বে আনতে চাইছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন।

আইএইচএস/একিউএফ