রাজধানীর বাড্ডায় ট্রাফিক চেকপোস্টে থামার সংকেত পেয়ে একটি জিপ ফেলে পালিয়ে গেছেন চালক। পরে গাড়িটি তল্লাশি করে প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়সংলগ্ন হাবিব প্লাজার সামনে এ ঘটনা ঘটে। ডিএমপির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমপিতে গ্রেফতার ৪৩২ : ডিএমপির অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী বলেন, নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩২ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা হয়েছে। অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান জব্দ করা হয়।

বিদেশি পিস্তলসহ যুবক গ্রেফতার : মিরপুর মডেল থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, চারটি ফায়ার্ড কার্তুজ, দুটি তাজা কার্তুজ ও একটি ফায়ার্ড বুলেট সদৃশ বস্তু উদ্ধারসহ একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম কাওছার ভূঁইয়া ওরফে শান্ত ওরফে এসবি।