রাজধানীর হাতিরঝিল লেক থেকে আজিম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৮টার দিকে রেইনবো ক্রসিং-সংলগ্ন ১ নম্বর সেতুর পাশের লেক থেকে এ লাশ উদ্ধার করা হয়। আজিম উদ্দিন পশ্চিম রামপুরার উলুম রোড এলাকার শিমুলবাগের বাসিন্দা ছিলেন। তার বাবার নাম কফিল উদ্দিন।

হাতিরঝিল থানার এসআই নাজমুল ইসলাম জানান, জাতীয় জরুরি সেবার ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। এসআই আরও বলেন, ওই ব্যক্তির আঙুলের ছাপ নিয়ে ফিঙ্গারপ্রিন্ট আইডেন্টিফিকেশন অ্যান্ড ভেরিফিকেশন সিস্টেম ব্যবহার করে পুলিশ তার পরিচয় জানতে পেরেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণ আছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে।