ইতালিতে রোমের অদূরে বাংলাদেশি শিশু শিক্ষার্থীদের শারীরিকভাবে নির্যাতনের দায়ে বাংলাদেশি এক ইমামকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। জানা গেছে, মক্তবে পাঠদানকালে শিক্ষার্থীদের শারীরিক নির্যাতনের এ অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওই ইমামকে ইতিমধ্যে স্থানীয় একটি আদালতে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার এক ভিডিওবার্তায় ইতালির আদালত প্রাঙ্গণ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন এক দোভাষী। ইতালির নিয়মানুযায়ী আইনি জটিলতা এবং ভিডিওর গোপনীয়তা রক্ষার স্বার্থে ওই ইমামের নাম এবং ইতালির কোন শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি। ঘটনার বিবরণে আরও জানা যায়, মক্তবে শিশুদের কুরআন ও আরবি শিক্ষা দেওয়ার সময় ওই ইমাম বেশ কয়েক শিক্ষার্থীর ওপর চড়াও হন। পড়া না পারায় বা অন্য কোনো কারণে তিনি শিশুদের গায়ে হাত তোলেন এবং কান ধরে টেনে লাথি মারেন বলে অভিযোগ উঠেছে।