গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক খোকন কুমার দত্তকে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনাউজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় আইন, ২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী বিএমবি বিভাগের সহযোগী অধ্যাপক খোকন কুমার দত্তকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ বিষয়ে নবনিযুক্ত ডিন সহযোগী অধ্যাপক খোকন কুমার দত্ত বলেন, “প্রশাসনের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তার জন্য আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই। তারা আমাকে জীববিজ্ঞান অনুষদের ডিন হিসেবে নিয়োগ দিয়েছেন। আমার আগ্রহ হলো, এই বিশ্ববিদ্যালয়ের অন্যান্য অনুষদের ডিন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের সবার সহযোগিতায় আমরা যেন একসঙ্গে একটি পরিবর্তন আনতে পারি বা আরো ভালো অবস্থানে যেতে পারি। সে লক্ষ্য নিয়েই কাজ করব। শিক্ষার্থীদের সুবিধা বৃদ্ধি পাক এবং ভালো ফলাফলের হার বাড়ুক—এটাই আমি প্রত্যাশা করি।”

ল্যাব ও গবেষণা বৃদ্ধির বিষয়ে তিনি আরো বলেন, “আমাদের এই বিশ্ববিদ্যালয়ে ল্যাব ও গবেষণার জন্য যা কিছু আছে, তা খুব একটা পর্যাপ্ত না হলেও এটি দিয়ে অনেক কাজ করা সম্ভব। কিন্তু আমাদের এখানে তা হয় না। আমি এসব সুযোগ-সুবিধা ব্যবহার করে শিক্ষার্থীদের গবেষণায় উদ্বুদ্ধ করব, যেন তারা ভালো কিছু শিখতে পারে।” এ দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা পাবেন। স্বাক্ষরিত চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগটি ২৮ জুন থেকে কার্যকর হবে। তবে তাকে আনুষ্ঠানিক যোগদানপত্র দাখিল করতে হবে।