রাজধানী ঢাকার গণপরিবহনে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং বাসের রুট, স্টপেজ ও ভাড়ার তথ্য সহজলভ্য করতে ‘প্যাসেঞ্জার’ (Passenger) নামে একটি মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। অ্যাপটির প্রতিষ্ঠাতা ম্যাংগো।
উদ্যোক্তা জানান, রাজধানীতে প্রতিদিন লাখো মানুষ গণপরিবহন ব্যবহার করলেও সঠিক তথ্যের অভাবে যাত্রীদের নানা ধরনের ভোগান্তিতে পড়তে হয়। অনাকাঙ্ক্ষিত এসব সমস্যা দূর করতেই ‘প্যাসেঞ্জার’ অ্যাপ। ম্যাংগোর প্রতিষ্ঠাতা সালেহ সাজ্জাদ। তার একক প্রচেষ্টায় নির্মিত অ্যাপটি ইতোমধ্যে গুগলের অ্যান্ড্রয়েড প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে। ‘Man’ (মানুষ) এবং ‘Go’ (যাওয়া)— এই দুটি শব্দের সমন্বয়ে ‘ম্যাংগো’ নামকরণ করা হয়েছে বলে জানান তিনি।
বর্তমানে অ্যাপটির প্রাথমিক সংস্করণে ঢাকার বিভিন্ন বাসের নাম, রুট, নির্ধারিত স্টপেজ এবং বিআরটিএর তালিকা অনুযায়ী ভাড়ার তথ্য যুক্ত করা হয়েছে। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় ব্যবহারযোগ্য এ অ্যাপের মাধ্যমে যাত্রীরা গন্তব্য অনুযায়ী উপযুক্ত বাস খুঁজে পাবেন, বাস কোথায় থামবে তা আগেই জানতে পারবেন এবং নির্ধারিত ভাড়া সম্পর্কে নিশ্চিত হবেন।
উদ্যোক্তা সালেহ সাজ্জাদ বলেন, “সঠিক তথ্য মানুষের যাত্রাপথের ভোগান্তি অনেকাংশে কমিয়ে দিতে পারে। ‘ম্যাংগো’ প্রকল্প এমন একটি ইকোসিস্টেম গড়ে তুলতে চায়, যেখানে যাত্রী আত্মবিশ্বাসের সঙ্গে গণপরিবহন ব্যবহার করবে, বাসচালক ও সহকারী ন্যায্য পারিশ্রমিক পাবে, মালিক বিনিয়োগের যথাযথ প্রতিফলন পাবে এবং সর্বোপরি ঢাকা পাবে একটি আধুনিক গণপরিবহন ব্যবস্থাপনা।”
ভবিষ্যতে অ্যাপটিতে রিয়েল-টাইম বাস লোকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সেবা এবং ডিজিটাল টিকিটিং ব্যবস্থা যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলে জানান তিন।








