শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. মোরশেদুল আলম।
শনিবার (৪ জুলাই) বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে ভাষাবিদ ও শিক্ষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লাহর ১৪১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তার হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অ্যাওয়ার্ড গ্রহণের পর অধ্যাপক মো. মোরশেদুল আলম বলেন, “শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ স্মৃতি অ্যাওয়ার্ড’-এ ভূষিত করায় বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এ সম্মাননা শিক্ষা ও গবেষণায় আরো নিবেদিতভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। আমি আমার বিশ্ববিদ্যালয়, সহকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং পরিবারের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
আলোচনা সভায় বক্তারা জ্ঞানচর্চা, গবেষণা, ভাষা ও সাহিত্য বিকাশে ড. মুহাম্মদ শহীদুল্লাহর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। পাশাপাশি নতুন প্রজন্মকে তার সৃষ্টিশীল কাজের সঙ্গে আরো পরিচিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক হামিদা খানম। এ সময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ নির্বাচিত গুণীজনদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।








