গোপালপুরে নির্মাণশ্রমিক বেলাল হোসেন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর থানা মোড় চত্বরে বৃহস্পতিবার দুপুরে এ কর্মসূচির আয়োজন করে থানা শ্রমিক ইউনিয়ন। এতে শ্রমিক ইউনিয়নের নেতাকর্মী, নির্মাণ শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন, বেলাল হোসেন একজন নিরীহ ও পরিশ্রমী শ্রমিক ছিলেন। তাকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক দিন পেরিয়ে গেলেও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করেন। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানান। বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, প্রকৌশলী শ্রমিক ইউনিয়নের সদস্যসচিব আব্দুর রাজ্জাক। উল্লেখ্য, ১৯ জুন বিকালে পৌর শহরের কালীমন্দির সড়কে বেলাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, উত্তর গোপালপুর পালপাড়ার মোজ্জাম্মেল হোসেনের ছেলে জিসান রড দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করেন। গুরুতর আহত বেলালকে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে এবং অভিযুক্ত জিসানকে গ্রেফতার করেছে পুলিশ।