গোয়ালন্দে গভীর রাতে রঞ্জু মিস্ত্রি নামে এক ব্যক্তির বাড়িতে কাফনের কাপড় ও বেনামি চিঠি পাঠিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে ওই পরিবারসহ স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক ও ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কাফনের কাপড়, একটি বেনামি চিঠি ও একটি খিলিপান উদ্ধার করেছে। উপজেলার ছোটভাকলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের স্বরূপার চক এলাকার বাসিন্দা রঞ্জু মিস্ত্রির বাড়িতে বুধবার রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রঞ্জু মিস্ত্রি জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে বাড়ির সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার বাড়ির বারান্দায় একটি সাদা কাফনের কাপড় এবং একটি খোলা চিঠি রেখে যায়। সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে বারান্দায় কাফনের কাপড় এবং ওই চিঠিটি দেখতে পান। ঘটনার পর থেকে আমরা চরম দুশ্চিন্তায় আছি। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বেনামি ওই চিঠির শিরোনামে লেখা হয়েছে, ‘বাঁচার দিন শেষ, ভাই-ভাবির রেশ।’ ভেতরে লেখা হয়েছে-অতি দুঃখের সহিত জানাচ্ছি যে, ভাই-ভাবি তোমরা তোমাদের মনের মতো খাবার খেয়ে নাও। ভাই-ভাবি তোমাদের যে কোনো সময় ডাক পড়তে পারে। তাই তোমাদের মনের যত ইচ্ছে আছে সব পূরণ করে নাও। তোমাদের সব কুকীর্তি ফাঁস হয়েছে। তাই তোমাদের এদেশ ছেড়ে যেতে হবে। ভাই-ভাবি এবং তোমাদের ছেলে সন্তানকে অতি দুঃখ-কষ্টে দিন পার করতে হবে। আমাদের জমিগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করার জন্য বলা হলো এবং সীমানা ঠিক রাখার জন্য বলা হলো। অতএব, ভাই-ভাবি এবং তোমার ছেলেকে কুপিয়ে হত্যা করা হবে। সময় এক বছর। ভাবি তুমি অনেক খারাপ লোক। ভালো হতে কোনো টাকা-পয়সা লাগে না। তুমি গ্রামের নটি এবং কিট। গোয়ালন্দ ঘাট থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।