প্রস্তাবিত বাজেটেই গুমের শিকার পরিবারগুলোর জন্য অর্থ বরাদ্দের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘প্রতিকার ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এমনটা জানান। জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস ২০২৬’ উপলক্ষ্যে এ সংলাপের আয়োজন করা হয়। সংলাপের যৌথ আয়োজক হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচআরডিসি) ও মায়ের ডাক।

মির্জা ফখরুল বলেন, মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারকেও ভাতা দিতে হবে। গুমের শিকার পরিবারগুলোর জন্য আগামী অর্থবছরের বাজেটেই বরাদ্দের ব্যবস্থা করা হবে। বারবার বলেছি, যদি মুক্তিযোদ্ধাদের ভাতা দেওয়া হয়, জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া হয়, তাহলে গুম হওয়া ব্যক্তিদের পরিবারগুলোকে কেন ভাতা দেওয়া হবে না? অবশ্যই ভাতা দিতে হবে এবং সেটা আমরা এই বাজেটেই ‘প্রভিশন’ রাখার ব্যবস্থা করব। গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলোর ক্ষতি কখনো পুরোপুরি পূরণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ক্ষতিগুলো পূরণ করা যাবে না। পাশে তো দাঁড়াতে পারি, সাহস দিতে পারি। ভবিষ্যৎ নির্মাণের ব্যবস্থা রাষ্ট্র করতে পারে।

গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসাবে অভিহিত করে বিএনপির মহাসচিব বলেন, এটা মানবতাবিরোধী অপরাধ। প্রকাশ্যে এদের বিচার হওয়া উচিত, শাস্তি হওয়া উচিত। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অধিবেশনে আইনপ্রণেতা, আইনজীবী, মানবাধিকারকর্মী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গুম-নির্যাতনের শিকার ব্যক্তি ও পরিবারের সদস্যরা অংশ নেন।