দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর রাজনীতিতে যোগ দিচ্ছেন-এমন গুঞ্জন কয়েক দিন ধরেই ঘুরে বেড়াচ্ছিল ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের কারণে সেই জল্পনা আরও জোরালো হয়। তবে শেষ পর্যন্ত বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়ে সব ধরনের গুঞ্জনের অবসান ঘটানোর চেষ্টা করেছে অভিনেতার দপ্তর।

মঙ্গলবার (১৪ জুলাই) জুনিয়র এনটিআরের অফিস থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিনেতার রাজনীতিতে যোগ দেওয়ার খবর সত্য নয়। একই সঙ্গে তার নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘আর এনটিআর’ নামে একটি সংগঠন ‘ওরু ভাডা’ নামে একটি কর্মসূচির ঘোষণা দিয়েছে। এ কারণে অনেকের মনে হতে পারে, সংগঠনটির সঙ্গে জুনিয়র এনটিআরের কোনো সম্পর্ক রয়েছে। তবে বাস্তবে ওই সংগঠন কিংবা তাদের কার্যক্রমের সঙ্গে অভিনেতা বা তার দপ্তরের কোনো সম্পৃক্ততা নেই।

অভিনেতার দপ্তর আরও জানায়, সংগঠনটিকে কখনোই জুনিয়র এনটিআরের প্রতিনিধিত্ব করার কিংবা তার পক্ষ থেকে কোনো বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

বিবৃতিতে স্পষ্ট করে বলা হয়েছে, ভবিষ্যতে জুনিয়র এনটিআরকে ঘিরে কোনো সামাজিক উদ্যোগ, জনকল্যাণমূলক কার্যক্রম, সরকারি ঘোষণা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা কেবল তার বা তার অনুমোদিত টিমের মাধ্যমেই জানানো হবে।

বিবৃতির শেষাংশে বলা হয়, ‘এই বিষয়ে এটিই আমাদের শেষ বক্তব্য। আমরা আশা করি, এর মাধ্যমে সব ধরনের গুঞ্জন ও জল্পনার অবসান হবে।’

আরও পড়ুন

সানি লিওনের যে ছবি নিয়ে তোলপাড় নেটদুনিয়ায়

মূলত ‘আর এনটিআর’ নামের সংগঠনটি আগামী ১৮ জুলাই তিরুপতির একটি হোটেলে ‘ওরু ভাডা’ উদ্যোগ নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দেয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে, হয়তো রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন জুনিয়র এনটিআর। তবে অভিনেতার দপ্তরের এই ব্যাখ্যার পর সেই জল্পনার ইতি ঘটেছে।

জুনিয়র এনটিআরের পরিবার দীর্ঘদিন ধরেই অন্ধ্রপ্রদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তার দাদা কিংবদন্তি অভিনেতা ও রাজনীতিবিদ নন্দমুরি তারক রামা রাও (এনটিআর) ১৯৮২ সালে তেলুগু দেশম পার্টি (টিডিপি) প্রতিষ্ঠা করেন এবং তিন দফায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বর্তমানে এনটিআরের জামাতা এন. চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং তেলুগু দেশম পার্টির সভাপতি। ফলে সময়ে সময়েই জুনিয়র এনটিআরের রাজনীতিতে যোগ দেওয়ার গুঞ্জন ওঠে। তবে এবারও সেই গুঞ্জনকে স্পষ্টভাবে নাকচ করে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।

আরও পড়ুন

ধর্ষণ মামলায় ম্যানেজার গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

সম্প্রতি তামিল তারকা তলপতি বিজয়ের রাজনৈতিক সাফল্যের পর দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনের আরও কয়েকজন তারকার রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়। সেই প্রেক্ষাপটে জুনিয়র এনটিআরকে নিয়েও জল্পনা তৈরি হলেও, আপাতত অভিনয়েই মনোযোগী থাকার ইঙ্গিত দিলেন তিনি।

এমএমএফ