সাম্প্রতিক একটি টিভি টকশোতে জুলাই যাদুঘর নির্মাণে দুর্নীতির অভিযোগ তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক নুরুল কবীর। তার সেই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তৎকালীন সংস্কৃতি উপদেষ্টা চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১৪ জুলাই) মঙ্গলবার ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
ফারুকী লিখেছেন, ‘প্রিয় নুরুল কবীর ভাই, আমি শারীরিকভাবে অসুস্থ থাকায় আপনার কথার উত্তর দিতে দেরি হইলো। আমি আসলে আপনার কথাগুলা শুনে প্রথমে বিস্মিত হইছি, পরে ক্রুদ্ধ হইছি। আমি অনেক রকম ভাষায়, অনেক রকম ভঙ্গিতে এর উত্তর দিতে পারতাম। কিন্তু নিজেকে সংযত করে শুধু এইটুকুই বলি, এই যে আপনি একটা মিথ্যা রিপোর্টে বিশ্বাস করে আমার নাম জড়িয়ে কথাগুলি বললেন এবং এতে যে আমার সম্মানহানি হইলো এতে কী আপনি কখনো দুঃখবোধ করবেন? আপনি একবারও প্রয়োজন বোধ করলেন না, ফ্যাক্টচেক করার?’
ফারুকী আরও লিখেছেন, ‘এই ভুয়া তথ্যগুলা বাংলাদেশের কোন জায়গায় বসে তৈরি করা হইছে এবং গত দুইমাস এই একই ভাঙ্গা রেকর্ড কেনো বাজানো হইছে এটা আমি এবং আমরা অনেকেই জানি। এই যাদুঘরের উপর আপনার কেনো এতো ক্ষোভ, ভাই? আপনি এই যাদুঘর নিয়ে একটা বিশেষ জায়গায় বসে কাকে কী বলছেন সেটাও আমরা অনেকে জানি। আমরা আরো অনেক কিছুই জানি যেটা এই মুহূর্তে বলছিনা। প্রিয় কবীর ভাই, এই যাদুঘর ওপেন হবেই। কারণ এটা বাংলাদেশের হৃদপিণ্ড।’
সম্প্রতি চ্যানেল আইয়ের ‘তৃতীয় মাত্রা’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক নুরুল কবীর। সেখানে তিনি বলেন, ‘যে ঘুষ অনাচারের বিরুদ্ধে আন্দোলন করতে মানুষ রাস্তায় নেমেছিল, সেটাতে যারা শহীদ হয়েছেন, তাদের স্মৃতির উদ্দেশে তৈরি যাদুঘর নির্মাণে যদি আর্থিক দুর্নীতি হয়, এরচেয়ে প্রতারণা বিশ্বাসঘাতকতা এই রক্তদানের প্রতি আর হতে পারে না।’
নুরুল কবীর বলেন, ‘জুলাই যাদুঘর নির্মাণে কী ধরনের প্রতারণা হয়েছে, এগুলো আরও বেরুতে থাকবে। প্রায় দেড়শো কোটি টাকা এটার জন্য মঞ্জুর করা হয়েছে। এই টাকা দিয়ে কী কী করা হয়েছে, অন্তর্বর্তী সরকারের মন্ত্রী যার উদ্যোগে এসব হয়েছে।’ তবে ফারুকীর এ উদ্যোগের কারণে তাকে ধন্যবাদ জানিয়েছেন নুরুল কবীর।
সাংবাদিক, কলামিস্ট ও ইংরেজি দৈনিক ‘দ্য নিউ এজ’ সম্পাদক নুরুল কবীর ঠোঁটকাটা সত্য কথা বলার জন্য বিশেষভাবে পরিচিত। তবে সম্প্রতি তার সম্পাদিত দৈনিকে প্রকাশিত একটি কার্টুনের কারণে আজ তার সমালোচনা শুরু হয়েছে। এমনকি ফারুকীকে নিয়ে এ ধরণের মন্তব্যের কারণেও ক্ষুব্ধ মন্তব্য জানিয়েছেন কেউ কেউ।








