হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নের দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
নিহতরা হলেন দক্ষিণ গোড়ামী (মির্জাপুর) গ্রামের আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়া।
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে জমিতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ মিয়া ও আজিদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহের আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। ঘটনার কারণ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।








