নরওয়েজিয়ান গোলমেশিন খ্যাত ফরোয়ার্ড আর্লিং হলান্ডের মাঠের ঝমমলে পারফরম্যান্সের পাশাপাশি তার ব্যতিক্রমী খাদ্যাভ্যাসও এখন চর্চার বিষয়। আধুনিক ক্রীড়া পুষ্টির চেনা ছক ভেঙে প্রতিদিন প্রায় ৬,০০০ ক্যালরি গ্রহণ করেন ম্যানচেস্টার সিটির এই তারকা। তার ডায়েটের সবচেয়ে চমকপ্রদ অংশ হলো-প্রোটিন শেক বা সাপ্লিমেন্টের বদলে তিনি ভরসা রাখেন গরুর মাংসে। সাধারণ মানুষের দৈনিক ক্যালরির প্রয়োজনের তুলনায় প্রায় দ্বিগুণ, অর্থাৎ দিনে ৬,০০০ ক্যালরি খাবার খান হলান্ড। যেখানে সমসাময়িক অন্য ফুটবলাররা চিকেন, পাস্তা বা প্রোটিন শেকের ওপর নির্ভর করেন, সেখানে হলান্ড বেছে নিয়েছেন ভিন্ন পথ। তার দৈনিক খাদ্য তালিকায় থাকে গরুর কলিজা ও গুর্দা। এছাড়া বড় আকারের স্টেক, টমাহক স্টেক,

সি-বাস মাছ, অ্যাসপারাগাস, এগ ফ্রাইড রাইস, কাঁচা মধু এবং প্রচুর পরিমাণে দুধ খান তিনি। কাঁচা দুধ তার কাছে জাদুকরী পানীয়, যা তিনি সকালের খাবারের পাশাপাশি অনেক সময় কফির সঙ্গেও মিশিয়ে পান করেন। নিজের খাদ্যাভ্যাস নিয়ে ‘হলান্ড: দ্য বিগ ডিসিশন’ নামে তথ্যচিত্রে তিনি বলেছিলেন, ‘অনেকে এসব খাবার খান না... কিন্তু আমি আমার শরীরের যত্ন নিতে চাই। যতটা সম্ভব স্থানীয় উৎস থেকে পাওয়া উচ্চমানের খাবার খাওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’ হলান্ড আরও বলেন, ‘মানুষ বলে মাংস খাওয়া খারাপ; কিন্তু কোন মাংস? ম্যাকডোনাল্ডস থেকে কেনা মাংস? নাকি আপনার সামনে মাঠে ঘাস খেয়ে বড় হওয়া স্থানীয় গরুর মাংস? আমি হৃৎপিণ্ড আর যকৃৎ খাই।’