রাজধানীর হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু (৪৮) হত্যা মামলার প্রধান আসামি মো. বজলু মিয়া ওরফে বজুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে মামলার অন্য আসামি ও বজলুর স্ত্রী সাথী আক্তারের রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নাসিম দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত বজলুর ক্ষেত্রে দুই দিনের রিমান্ড মঞ্জুর করলেও সাথীর রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, নিহত এমাদুল হাওলাদার রাজু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে ব্যবসা করতেন প্রধান আসামি বজলু মিয়াও। ব্যবসায়িক লেনদেনকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
অভিযোগে বলা হয়, গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসা-সংক্রান্ত আলোচনার কথা বলে রাজুকে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠের ডান পাশে আঘাত করা হয়।
গুরুতর আহত রাজুকে প্রথমে মগবাজারের একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরদিন ২৯ জুলাই নিহতের বড় বোন শাহানা বেগম বাদী হয়ে হাতিরঝিল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বর্তমানে মামলাটির তদন্ত করছে হাতিরঝিল থানা পুলিশ।
এমডিএএ/এমআইএইচএস/








