পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারে অবস্থিত এনসিডিপি গোয়ার্স মার্কেটে অভিযান চালায় জেলা ডিবির একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘিরে সাতজনকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— ইকবাল হোসেন ইমন (৩১), নাজমুল হাসান (৩০), সজীব (২৭), তুষার ইমরান (৩৩), জনি ইসলাম (৩০), রতন ইসলাম (১৯) এবং সাজাদুর রহমান (২১)।

রোববার বিকেলে পাবনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অভিযানের সময় ঘটনাস্থলের একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে থাকা পাঁচ রাউন্ড ৭.৬৫ মিলিমিটার তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেছেন, উদ্ধার হওয়া অস্ত্রটি ইকবাল হোসেন ইমনের হেফাজতে ছিল। তবে অস্ত্রটির বৈধ লাইসেন্স বা কোনো কাগজপত্র তারা দেখাতে পারেননি।

পুলিশ সুপার আরও জানান, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িত মূল হোতাদের শনাক্ত করতে তদন্ত চলছে। মামলার কার্যক্রম শেষে গ্রেফতারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। অপরাধ ও মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

The post ঈশ্বরদীতে ডিবি পুলিশের অভিযানে বিদেশি পিস্তলসহ ৭ জন গ্রেফতার appeared first on ZoomBangla.