জাতিসংঘের সদস্যভুক্ত দেশের পুলিশপ্রধানদের পঞ্চম সম্মেলনে (ইউএনকপস ২০২৬) অংশ নিতে ঢাকা ত্যাগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। গতকাল (শনিবার) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছাড়েন তাঁরা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ইউএনকপস ২০২৬ সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন। আইজিপি ছাড়া প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন অতিরিক্ত আইজি খোন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি মো. আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।
স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি সম্মেলনের মূল অধিবেশনে বক্তব্য দেবেন। তাঁদের বক্তব্যে ভবিষ্যৎ জাতিসংঘ পুলিশ কার্যক্রমে বাংলাদেশের অঙ্গীকার, বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, শান্তিরক্ষা মিশনে অবদান এবং আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনমুখী পুলিশিংয়ের ক্ষেত্রে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হবে।
সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্যরা জাতিসংঘ পুলিশ ডিভিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করবেন। এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের বর্তমান ও ভবিষ্যৎ অংশগ্রহণ, উচ্চপর্যায়ে বাংলাদেশ পুলিশের কর্মকর্তাদের প্রতিনিধিত্ব, পুলিশের প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় জাতিসংঘ পুলিশের ভূমিকা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
দুই দিনব্যাপী ইউএনকপস সম্মেলন ৭-৮ জুলাই নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত হবে।
পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে পুলিশে অন্যতম শীর্ষ অবদানকারী দেশ হিসেবে বিশ্বশান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই সম্মেলনে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশের পেশাগত সক্ষমতা, নেতৃত্ব এবং শান্তিরক্ষা কার্যক্রমে অবদানকে আরও সুদৃঢ় ও দৃশ্যমান করবে।








