অতিভারী বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা মোকাবিলায় নগরবাসীর সহযোগিতা চেয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
রোববার (১২ জুলাই) ঢাকা উত্তর সিটি করপোরেশনের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা বৃষ্টির কারণে ডিএনসিসির আওতাধীন মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা, গুলশান, বনানীসহ বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অতিবৃষ্টির ফলে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ পড়ায় কিছু এলাকায় পানি জমে মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

প্রশাসক নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবাই নিজ নিজ এলাকার জলাবদ্ধ পরিস্থিতির খোঁজখবর নেবেন এবং সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করবেন। কোথাও কোনো জরুরি সমস্যা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট টিমকে অবহিত করারও অনুরোধ জানান তিনি।
আরও পড়ুন
মিরপুর যেন মিনি কক্সবাজার!
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরিস্থিতি মোকাবিলায় ডিএনসিসি এরই মধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। ড্রেন, নালা ও পানি নিষ্কাশনের পথ সচল রাখতে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেসব এলাকায় পানি জমে আছে, সেখানে দ্রুত পানি অপসারণে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি মোতায়েন করা হয়েছে। ওয়াটার পাম্প সচল রাখা হয়েছে এবং মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষণিক তদারকি করছেন।
ডিএনসিসি জানায়, স্বল্প সময়ে অতিরিক্ত বৃষ্টিপাত, দ্রুত নগরায়নের কারণে পানি ধারণক্ষমতা কমে যাওয়া, খাল ও ড্রেন ভরাট বা সংকুচিত হওয়া, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পানি চলাচলের পথ বাধাগ্রস্ত হওয়া এবং পুরোনো ড্রেনেজ ব্যবস্থার ওপর অতিরিক্ত চাপ—এসব কারণে জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

বিজ্ঞপ্তিতে প্রশাসক বলেন, দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, নিয়মিত খাল-নালা পরিষ্কার এবং আধুনিক পানি ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আকস্মিক অতিভারী বৃষ্টির মতো প্রাকৃতিক পরিস্থিতি মোকাবিলায় সবার সহযোগিতা প্রয়োজন।
এমএমএ/এমকেআর








