প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতে ইসলামী ও এনসিপির নেতাকর্মীরা সচিবালয়ের সামনে মব সৃষ্টি করেছে। তারা বিদেশি অতিথিদের সামনে সরকারি অনুষ্ঠানগুলোতে মব সৃষ্টি করছে। তাদের এমন কর্মকাণ্ডের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ রাজনীতিতে ফেরার অপচেষ্টা করতে পারে।
শুক্রবার (৭ আগস্ট) বিকালে ঝিনাইদহ সার্কিট হাউজে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াত-এনসিপি এক সপ্তাহের মধ্যে সরকারের পতন ঘটাতে চায়। জামায়াত ভুলে গেছে, তারা স্বাধীনতাবিরোধী শক্তি। কাজেই, তারা কখনোই দেশের ক্ষমতায় যেতে পারবে না। ক্ষমতায় যেতে হলে তাদেরকে অন্তত ১০ বছর বিরোধী দলে থাকতে হবে।
তিনি বলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এখন নিষিদ্ধ রাজনৈতিক দল। তাদের আর দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। তবে, জামায়াত ও এনসিপির নেতারা যেভাবে মব সৃষ্টির মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে, তাতে আওয়ামী লীগের ফেরার পথ তারাই করে দিচ্ছে।
বিরোধী দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনার সরকারকে চাপে রাখতে একের পর এক হঠকারী কর্মকাণ্ড করছেন। এই সব হঠকারী কর্মকাণ্ড জনগণ মেনে নেবে না। জামায়াত ও এনসিপিকে মনে রাখতে হবে, বিএনপিকে রাজনীতির মাঠে মারা অপচেষ্টা করবেন না। বিএনপি মরলে জামায়াত ও এনসিপিকেও মরতে হবে। আওয়ামী লীগ যদি ফেরে, দমন-পীড়ন যেভাবে বেড়ে যাবে, তা ভাবতেও পারছেন না।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাবেক সভাপতি এম রায়হান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন প্রমুখ।
এম শাহাজান/কেএইচকে








