বিশ্বকাপের শেষ ৩২-এ জাপানের বিপক্ষে ব্রাজিলের ম্যাচ উপলক্ষে দেশজুড়ে অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ব্যাংক, বীমা প্রতিষ্ঠানসহ অনেক বড় প্রতিষ্ঠানে দুপুরের মধ্যেই ছুটি ঘোষণা করা হয়েছে, যাতে কর্মীরা জাতীয় দলের খেলা উপভোগ করতে পারেন। বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে পুরো ব্রাজিল। জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে অনেক কর্মীরই আর অফিসের কাজে মন বসছে না। সেই বাস্তবতাকে বিবেচনায় নিয়ে ব্যাংক, বীমা প্রতিষ্ঠানসহ বিভিন্ন বড় প্রতিষ্ঠানে নির্ধারিত সময়ের আগেই ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।জাপানের বিপক্ষে ব্রাজিলের শেষ ৩২-এর ম্যাচটি আজ ব্রাজিল সময় দুপুর ২টায় শুরু হবে, যা বাংলাদেশ সময় রাত ১১টা। এ কারণে আজ দেশটির অধিকাংশ অফিস সকাল ৯টা থেকে কার্যক্রম শুরু করলেও দুপুর ১২টার মধ্যেই দিনের কাজ শেষ করে দেওয়া হবে।গ্রুপ পর্বে অবশ্য এমন পরিস্থিতির সৃষ্টি হয়নি। কারণ মরক্কো, হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হয়েছিল রাতের সময়। ফলে তখন অফিস-আদালতের নিয়মিত সময়সূচিতে কোনো পরিবর্তনের প্রয়োজন পড়েনি।তবে নকআউট পর্বে ব্রাজিল যদি আরও এগিয়ে যায়, তাহলে অফিসের সময়সূচিতে আবারও পরিবর্তন আনার প্রয়োজন হতে পারে। উদাহরণ হিসেবে, দলটি শেষ ১৬-এ উঠলে তাদের ম্যাচ বিকেলে অনুষ্ঠিত হবে। সে ক্ষেত্রে ম্যাচ শুরুর আগেই অফিসের কার্যক্রম শেষ করা হতে পারে।এদিকে ব্যাংকগুলো জানিয়েছে, বিশেষ ব্যবস্থায় বিমানবন্দর ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে ব্যাংকিং সেবা চালু থাকবে। পাশাপাশি অনলাইন ব্যাংকিং কার্যক্রমও স্বাভাবিকভাবেই অব্যাহত থাকবে। 

এর আগেও ২০১৪ সালে ব্রাজিলে অনুষ্ঠিত বিশ্বকাপের সময় একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছিল। সে সময় গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর দিনে অনেক অফিস সীমিত সময় কাজ চালিয়েছিল, আবার কিছু প্রতিষ্ঠান পুরোপুরি বন্ধও রাখা হয়েছিল।