জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৬–২৭ অর্থবছরের জন্য ৮০১ কোটি ৪ লাখ ৬০ হাজার টাকার বাজেট প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট। একই সঙ্গে বিদায়ী ২০২৫–২৬ অর্থবছরের ৬৬৪ কোটি ৮ লাখ ৪১ হাজার টাকা সংশোধিত বাজেট অনুমোদন করা হয়। আজ শনিবার গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে বিশ্ববিদ্যালয়ের ২৮তম সিনেট অধিবেশনে তা অনুমোদন করা হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহ। পরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সিনেট অধিবেশনে ২০২৬–২৭ অর্থবছরের মূল বাজেট ও ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ টি এম জাফরুল আযম। ২০২৬–২৭ অর্থবছরের মূল বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১৭ কোটি ১৩ লাখ ৭৩ হাজার টাকা। ফলে ঘাটতি বাজেট হবে ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকা। আর ২০২৫–২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় ৬২৫ কোটি ২ লাখ ৭৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। ঘাটতি রয়েছে ৩৯ কোটি ৫ লাখ ৬৪ হাজার টাকা।
অধিবেশনে উপাচার্য এ এস এম আমানুল্লাহ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গৃহীত বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। এসবের মধ্যে রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যুগোপযোগী ও কর্মমুখী শিক্ষা প্রবর্তনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ ১৫০টির বেশি দেশি–বিদেশি বিশ্ববিদ্যালয়, গবেষণা সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা স্মারক সই, আন্তর্জাতিক মানের ‘অ্যাপ্রেনটিস প্রোগ্রাম’ চালু, যার মাধ্যমে ৫০ হাজার শিক্ষানবিশ তৈরির লক্ষ্য নির্ধারণ হয়েছে। তৃতীয় ভাষা শিক্ষার সুযোগ সৃষ্টি করতে মাল্টি ল্যাঙ্গুয়েজ লার্নিং ইনস্টিটিউটের মাধ্যমে মান্দারিন, জাপানিজ, কোরিয়ান, অ্যারাবিক, ইতালিয়ান, স্প্যানিশ ও ফ্রেঞ্চ ভাষা শেখানো, দক্ষতাভিত্তিক ও প্রযুক্তিনির্ভর পাঠ্যক্রম প্রণয়ন ইত্যাদি।
অধিবেশনে সিনেট সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য ইমরান আহমেদ চৌধুরী, ওয়ারেস আলী মামুন, আবুল হোসেন খান ও জি এম সিরাজ, সিন্ডিকেট সদস্য বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক এ আই মাহবুব উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।








