জয়পুরহাটে সপ্তম শ্রেণি পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় প্রতিবেশী আলম মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ৩টার দিকে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ও বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আলম মণ্ডল (৫৫) জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার মৃত কফিল উদ্দিন মণ্ডলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ভুক্তভোগী ১৩ বছর বয়সী শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুরে মাদ্রাসা থেকে বাড়ি এসে সে নিজের ঘরে কাপড় পরিবর্তন করছিল। এ সময় বাড়িতে অন্য কোনো সদস্য না থাকার সুযোগে প্রতিবেশী আলম মণ্ডল ঘরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করেন।
শিশুটির চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন। স্থানীয়দের উপস্থিতি টের পেয়ে আলম মণ্ডল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে শিশুটি পরিবারের সদস্যদের ঘটনাটি জানালে তাকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার দুই দিন পর, ২০২৩ সালের ১১ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর বাবা বাদী হয়ে আক্কেলপুর থানায় আলম মণ্ডলকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেন।
পুলিশ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ শুনানি, সাক্ষ্য গ্রহণ ও আইনি প্রক্রিয়া শেষে আদালত আসামির উপস্থিতিতে এ রায় দেন।
রায় ঘোষণার পর কঠোর নিরাপত্তায় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেলহাজতে নেওয়া হয়।








