জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে সরকার সবসময় থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র-জনতার অদম্য লড়াইয়ের চেতনাকে সমুন্নত রাখতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী আরও বলেন, আন্দোলনে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। শহীদ পরিবার ও আহতদের সার্বিক কল্যাণে সরকার সবসময় পাশে রয়েছে এবং তাদের দীর্ঘমেয়াদি পুনর্বাসনে কাজ করছে। এছাড়া শহীদ পরিবারের জন্য দীর্ঘমেয়াদি আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জীবন উৎসর্গ করেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে সরকার কাজ করছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে।
এসময় শহীদ শাকিব আঞ্জুমের বাবা বলেন, আমি আমার সন্তান হত্যার বিচার চাই। যারা আমার সন্তানকে হত্যা করেছে, তাদের দ্রুত সময়ের মধ্যে কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।
এর আগে ভূমিমন্ত্রী জেলা ও বিভাগীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার আ ন ম ড. বজলুর রশিদ, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা।
মনির হোসেন মাহিন/এফএ/এএসএম








