শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং তৃণমূল পর্যায়ে সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।প্রধান অতিথির বক্তব্যে ড. মিলন বলেন, ‘কচুয়াসহ দেশব্যাপী শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং গণতান্ত্রিক ধারাকে বেগবান রাখতে তৃণমূলের ভূমিকা অপরিসীম। শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দলের আদর্শ ও উদ্দেশ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে হবে।’মতবিনিময় সভায় মন্ত্রী স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। সভায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সভাটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা আগামী দিনে দেশ গঠন ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।