সরকারি বরাদ্দের আশায় বসে না থেকে জনদুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে গ্রামের বেহাল সড়ক সংস্কার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহাজ বাদল তালুকদার নামের এক সমাজসেবক। মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এতে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন স্থানীয় কয়েক হাজার মানুষ।বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সরজমিনে দেখা যায়, উপজেলার সমিতির হাট থেকে মহরদ্দিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী সড়কের হাবি কাজীর বাড়ি সংলগ্ন প্রায় ৫০০ মিটার অংশে সংস্কারকাজ চলছে। দীর্ঘদিন ধরে সড়কটির এই অংশ বড় বড় খানাখন্দে ভরে চলাচলের অনুপযোগী ছিল।স্থানীয় বাসিন্দারা জানান, সামান্য বৃষ্টি হলেই এই সড়কে পানি জমে ডোবার মতো পরিস্থিতি তৈরি হতো। ফলে রিকশা, ভ্যান বা ছোট যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত। সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হতো স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও গর্ভবতী নারীদের। জনপ্রতিনিধিদের কাছে বারবার ধরণা দিয়েও কোনো ফল মেলেনি। এমন পরিস্থিতিতে এলাকার মানুষের কষ্ট দেখে এগিয়ে আসেন সমাজসেবক আলহাজ বাদল তালুকদার। তিনি ব্যক্তিগত অর্থায়নে শ্রমিক নিয়োগ দিয়ে ইট, বালু ও খোয়া সরবরাহ করে সংস্কারকাজ শুরু করেন।স্থানীয় বাসিন্দা কাজী ওসমান বলেন, ‘এই রাস্তাটির জন্য আমাদের কষ্টের শেষ ছিল না। ভ্যান পর্যন্ত আসতে চাইত না। বাদল ভাই নিজ খরচে রাস্তাটি মেরামত করে আমাদের বড় উপকার করেছেন।’এ বিষয়ে আলহাজ বাদল তালুকদার বলেন, ‘মানুষের কষ্ট দেখে সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজের সামর্থ্য অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিয়েছি। সামর্থ্যবানরা নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে অনেক সমস্যার সমাধান দ্রুত সম্ভব।’বাদল তালুকদারের এই মানবিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসিত হচ্ছে। স্থানীয়দের আশা, তার এই কাজ দেখে অন্য বিত্তবানরাও জনকল্যাণে অনুপ্রাণিত হবেন।