ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে হত্যায় ব্যবহৃত ছুরিসহ লালমোহন থানায় হাজির হয়েছে স্কুলছাত্র মো. আব্দুল্লাহ আল মানিক।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে লালমোহন পৌর এলাকার সেলিম চেযারম্যানের বাড়ির সামনে সড়কে হত্যার ঘটনা ঘটে।

নিহত হলেন মো. ইব্রাহীম খলিল নয়ন। তিনি ভোলার লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুল বাগিচা গ্রামের মো. আলাুদ্দিনের ছেলে এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রণির ছাত্র।

স্থানীয়রা জানায়, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীর কথা কাটাকাটি হয়। এসময় নয়ন নামে একজনকে ছুরি দিয়ে কোপানো হয়। নয়নকে বাঁচাতে গিয়ে মো. আশরাফ ও আরমান নামে আরও দুইজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন এবং আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, হত্যার সঙ্গে জড়িত মানিক ছুরিসহ থানায় এসেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে। পরে নয়নকে ছুরি দিয়ে হত্যা করে। বিষয়টি তদন্ত চলছে।

জুয়েল সাহা বিকাশ/জেআইএম