দেশের ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিকে বর্তমানে ৫৪০টি কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের (সিএইচসিপি) পদ শূন্য রয়েছে বলে সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এসব শূন্য পদে জনবল নিয়োগের প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।সোমবার সংসদ অধিবেশনে বগুড়া-১ আসনের সংসদ সদস্য (এমপি) কাজী রফিকুল ইসলামের এক লিখিত প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদের বৈঠক  শুরু হয়। বর্তমানে সারাদেশে মোট ১৪ হাজার ৪৬০টি কমিউনিটি ক্লিনিক চালু আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এসব ক্লিনিকে ১৩ হাজার ৯২০ জন সিএইচসিপি কর্মরত আছেন। পদ শূন্য আছে ৫৪০টি। শূন্য পদগুলোতে দ্রুত জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার।প্রতিটি কমিউনিটি ক্লিনিকে মোট ২০ প্রকার চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয় উল্লেখ করে তিনি বলেন, তবে স্ট্রিপসহ গ্লুকোমিটার, বিপি মেশিন, ওজন ও উচ্চতা মাপার যন্ত্র, নেবুলাইজার, পালস অক্সিমিটার, ইউরোস্টিকস ও স্যানিটেশন সামগ্রী সরবরাহে কিছুটা অপ্রতুলতা রয়েছে।সমস্যা সমাধানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) অর্থায়নে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় সারাদেশের প্রতিটি কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী সরবরাহের পরিকল্পনা আছে। এছাড়া প্রতিটি ক্লিনিকে ইন্টারনেট সংযোগসহ ল্যাপটপও সরবরাহ করা হবে।