রাজধানীর কাফরুলে দুর্বৃত্তের গুলিতে ইউসুফ আলী নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তারা হলেন-নালাম সরদার ও মনির হোসেন। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর-১৩’র শেরেবাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অস্ত্রধারী একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। আহত দুজন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা মামুন যুগান্তরকে জানান, ঘটনাস্থল থেকে তিনজনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন রয়েছেন। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, একজন নিহত ও গুলিবিদ্ধ দুজন চিকিৎসাধীন রয়েছেন। তাদের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। প্রকৃত ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।