প্রথম ওয়ানডেতে ১৪২ রানও তাড়া করতে পারেনি বাংলাদেশ। সেখানে আজ দ্বিতীয় ওয়ানডেতে প্রায় আড়াইশ ছোয়া সংগ্রহ পেয়েছে জিম্বাবুয়ে। বৃহস্পতিবার হারারে স্পোর্টস ক্লাবে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭ উইকেটে ২৪৭ রান তুলেছে তারা।

জিম্বাবুয়ের ইনিংসের নায়ক বেন কারান। এক প্রান্ত আগলে রেখে ১৩৫ বলে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন এই ওপেনার। তার ইনিংসে ছিল ১১টি চার। শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝোড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় স্বাগতিকরা। মাত্র ৩৮ বলে ৫৮ রান করেন তিনি। ইনিংসের শেষ ওভারে তাসকিন আহমেদের কাছ থেকে ২২ রান আদায় করেন এই ব্যাটার।

টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। শুরুটাও হয়েছিল দারুণ। ইনিংসের প্রথম ওভারেই ব্রায়ান বেনেটকে বোল্ড করেন তাসকিন আহমেদ। পরের ওভারে ইনোসেন্ট কাইয়াকেও ফিরিয়ে দেন এই পেসার। মাত্র ৮ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ৩২ রানে ক্রেইগ এরভিনও ড্রেসিংরুমের পথ ধরেন।

এরপর বেন কারান ও ওয়েসলি মাধেভেরে সেই ধাক্কা সামলান। দুজন মিলে চতুর্থ উইকেটে ৪৫ বলে ৩৪ রানের জুটি গড়েন। মাধেভেরেকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন মিরাজ। ৬৬ রানে ৪ উইকেট হারানোর সিকান্দার রাজাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়েন কারান। দুজনে পঞ্চম উইকেটে যোগ করেন ৯৫ বলে ৬৯ রান। ৫৫ বলে ৩৩ রান করা রাজাকে মোসাদ্দেক হোসেনের ক্যাচে ফেরান মিরাজ।

শেষদিকে ক্লাইভে মাদান্দের উইকেট তুলে নেন রিশাদ হোসেন। তবে ততক্ষণে ১২২ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন বেন কারান। শেষ পর্যন্ত অপরাজিত থেকে জিম্বাবুয়েকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি। আর ব্রাড ইভান তাসকিনের করা শেষ ওভারেই হাঁকান ৩ ছক্কা ও ১ চার। এতেই আড়াইশ ছোয়া পুঁজি পায় জিম্বাবুয়ে।

বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ। একটি করে উইকেট শিকার করেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে থাকা বাংলাদেশের সামনে সিরিজে টিকে থাকতে জয়ের বিকল্প নেই। ২৪৮ রান তাড়া করেই সমতায় ফেরার মিশনে নামবে মিরাজের দল।

এসকেডি/আইএইচএস/