২০২৬ বিশ্বকাপে আবারও ফিফার কাছে অভিযোগ তুলেছে বেলজিয়াম ফুটবল ফেডারেশন (আরবিএফএ)। এবার স্পেনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে লস অ্যাঞ্জেলেসে নির্ধারিত অনুশীলন মাঠের মান নিয়ে আপত্তি জানিয়ে তারা অনুশীলন কেন্দ্র পরিবর্তনের আবেদন করে, যা ফিফা অনুমোদন দিয়েছে।

দ্য অ্যাথলেটিক-এর প্রতিবেদনে বলা হয়েছে, বেলজিয়ামের অভিযোগ ছিল যে লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটির মাঠটি আন্তর্জাতিক পর্যায়ের প্রস্তুতির জন্য প্রয়োজনীয় ন্যূনতম মান পূরণ করেনি।

এ কারণে বেলজিয়ান ফুটবল ফেডারেশন ফিফার কাছে অনুরোধ জানায়, যাতে দলটি এলএ গ্যালাক্সির কারসন ট্রেনিং কমপ্লেক্সে অনুশীলন করতে পারে। ফিফা সেই আবেদন মঞ্জুর করে। তবে লয়োলা মেরিমাউন্ট ইউনিভার্সিটি বেলজিয়ামের অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সুলিভান মাঠের মান নিয়মিত পরীক্ষা করা হয়, যাতে সর্বোচ্চ মান নিশ্চিত করা যায়। মাঠটি চমৎকার অবস্থায় রয়েছে এবং ইতোমধ্যেই একাধিক পেশাদার ক্রীড়া দল এখানে অনুশীলন করেছে। এমনকি এ গ্রীষ্মেও এখানে আরও কয়েকটি বড় ক্রীড়া আয়োজন নির্ধারিত রয়েছে।

স্পেনের বিপক্ষে ম্যাচের ঠিক আগের দিন এই পরিবর্তনের আবেদন জানায় বেলজিয়াম। লস অ্যাঞ্জেলেসে পৌঁছে নির্ধারিত অনুশীলন মাঠ পরিদর্শনের পরই ফিফার সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করে ইউরোপের দলটি।

এই ঘটনা ফিফার সঙ্গে বেলজিয়ামের চলমান উত্তেজনাকেই আরও বাড়িয়ে দিলো। এর আগে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও, মার্কিন ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ড বাতিলের সিদ্ধান্ত নিয়ে ফিফার কাছে ব্যাখ্যা দাবি করেছিল বেলজিয়াম।

সেই সময় প্রকাশিত এক বিবৃতিতে বেলজিয়ান ফুটবল ফেডারেশন জানায়, তারা স্বচ্ছতা, সমান আচরণ এবং নিয়মের যথাযথ প্রয়োগের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। তাদের মতে, জাতীয় দল, খেলোয়াড় এবং সমর্থকদের আস্থা বজায় রাখতে স্পষ্ট ও ন্যায্য প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

আরআর/এমএমআর