২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে ফিফা। বৃহস্পতিবার ফ্রান্স ও মরক্কোর ম্যাচ থেকেই কার্যকর হচ্ছে নতুন এই ব্যবস্থা। এখন থেকে প্রতিটি কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভিএআর এবং একজন বিকল্প ভিএআর কর্মকর্তা সরাসরি স্টেডিয়ামেই অবস্থান করবেন।

এর আগে পুরো টুর্নামেন্টজুড়ে ভিএআর পরিচালিত হচ্ছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাসে অবস্থিত ইন্টারন্যাশনাল ব্রডকাস্ট সেন্টার (আইবিসি) থেকে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে সম্ভাব্য প্রযুক্তিগত সমস্যার ঝুঁকি কমাতে স্টেডিয়ামেই ভিডিও রেফারিদের রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা।

ফ্রান্স–মরক্কো ম্যাচে উরুগুয়ের লিওদান গনসালেস ভিএআর হিসেবে এবং নিকারাগুয়ার তাতিয়ানা গুজমান বিকল্প ভিএআর হিসেবে বোস্টনের স্টেডিয়ামে দায়িত্ব পালন করবেন।

স্টেডিয়াম ও ডালাসের ভিএআর কন্ট্রোল সেন্টারের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হলে এই দুই কর্মকর্তা সরাসরি স্টেডিয়াম থেকেই ভিএআর পরিচালনা করতে পারবেন। একইভাবে, প্রয়োজন হলে মাঠের রেফারি মনিটরে গিয়ে কোনো সিদ্ধান্ত পুনরায় পর্যালোচনা করলেও এই ব্যবস্থাই কার্যকর থাকবে।

ফিফার নিয়ম অনুযায়ী, ভিএআর প্রযুক্তিগত ত্রুটির কারণে কোনো ম্যাচ স্থগিত করা যায় না। তাই এমন পরিস্থিতিতে খেলা নির্বিঘ্নে চালিয়ে যেতে এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

ফ্রান্স ও মরক্কোর ম্যাচে রেফারিং প্যানেলেও থাকছে আর্জেন্টিনার শক্তিশালী উপস্থিতি। প্রধান রেফারির দায়িত্বে থাকবেন ফাকুন্দো তেয়ো। তাকে সহায়তা করবেন সহকারী রেফারি হুয়ান পাবলো বেলাত্তি ও গ্যাব্রিয়েল চাদে।

চতুর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন দারিও এরেরা, পঞ্চম কর্মকর্তা থাকবেন ক্রিস্তিয়ান নাভারো। আর ভিএআর-এর দায়িত্বে থাকবেন আর্জেন্টিনার এরনান মাস্ত্রানহেলো।

ফ্রান্স ও মরক্কো ম্যাচের বিজয়ী দল সেমিফাইনালে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে।

আরআর/এমএমআর