স্পেনের উইঙ্গার লামিনে ইয়ামাল বলেছেন, সময়কে বুড়ো আঙুল দেখিয়ে লিওনেল মেসির এখনও বিশ্বকাপে দারুণ পারফর্ম্যান্স দেখে তিনি ভীষণ আনন্দিত।

৩৯ বছর বয়সী মেসি বর্তমানে আট গোল নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে রয়েছেন। শেষ ১৬-এর লড়াইতে মিশরের বিপক্ষে রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা সেই ৩-২ ব্যবধানের প্রত্যাবর্তনের জয়ে তিনি ছিলেন ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড়।

মেসির বিশ্বকাপের পারফরম্যান্স সম্পর্কে স্প্যানিশ সংবাদমাধ্যম এল মুন্দো দেপোর্তিভোকে ইয়ামাল বলেন, ‘অবিশ্বাস্য। মেসি কে, সেটা সবাই জানে। কিন্তু এত উচ্চ পর্যায়ে তিনি এখনও খেলবেন, এটা কেউই আশা করেনি। আমি তার জন্য সত্যিই খুব খুশি।’

২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে ৩৬ বছরের শিরোপাখরা কাটিয়ে তৃতীয় বিশ্বকাপ জেতানোর সেই টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ছিলেন মেসি। ইন্টার মিয়ামির এই ফরোয়ার্ড ২০২২ বিশ্বকাপ থেকে টানা নয়টি বিশ্বকাপ ম্যাচে গোল করার কীর্তিও গড়েছেন।

গত মৌসুমে বার্সেলোনায় মেসির কিংবদন্তিতুল্য ১০ নম্বর জার্সির উত্তরাধিকারী হন ইয়ামাল। তিনি বলেন, শৈশবের আরও দুই আদর্শ নেইমার ও ক্রিশ্চিয়ানো রোনালদোকে এই বিশ্বকাপে খেলতে দেখে তিনিও আনন্দিত।

ইয়ামাল বলেন, ‘নেইমারের জন্য আমি খুশি, যদিও সে এখন আর টুর্নামেন্টে নেই। ক্রিশ্চিয়ানোর জন্যও আমি খুশি। তারা আমাদের প্রজন্মের সবাইকে অনুপ্রাণিত করেছেন।’

ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার (৮০ গোল) শেষ ষোলোতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের বিদায়ের পর জাতীয় দলের ক্যারিয়ারের ইতি টেনেছেন। ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড চোটের কারণে ২০২৩ সালের অক্টোবরের পর আর জাতীয় দলের হয়ে খেলতে পারেননি। তবে এই বিশ্বকাপেই তিনি দলে ফিরে এসেছিলেন।

অন্যদিকে, ইয়ামালের স্পেনই শেষ করে দিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর একমাত্র অধরা শিরোপা জয়ের স্বপ্ন। স্পেনের কাছে ১-০ গোলে হারার সেই ম্যাচটিই ছিল বিশ্বকাপে পর্তুগিজ এই মহাতারকার শেষ ম্যাচ।

সাবেক রিয়াল মাদ্রিদ তারকা রোনালদো টানা ছয়টি বিশ্বকাপে গোল করা একমাত্র ফুটবলার হিসেবে টুর্নামেন্ট শেষ করেছেন। পাশাপাশি আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল (১৪৬) ও সর্বাধিক ম্যাচ (২৩৩) খেলার রেকর্ডও তার দখলে।

ইয়ামাল বলেন, ‘তাদের ভালো কিছু হলে সেটাও আমার জন্য আনন্দের। তবে আমি যদি ফাইনালে উঠতে পারি, তাহলে অবশ্যই আমি শিরোপা জিততে চাই।’

পর্তুগালের বিপক্ষে পুরো ৯০ মিনিট খেলেছেন ইয়ামাল। চোট কাটিয়ে ফেরার পর এটিই ছিল বিশ্বকাপে তার দীর্ঘতম সময় মাঠে থাকা।

তিনি বলেন, ‘আমি প্রায় দুই মাস মাঠের বাইরে ছিলাম। টানা সাতটি ম্যাচ খেলে আসার মতো বিষয় এটি নয়। আমার আরও বেশি বল স্পর্শ করতে হবে, আরও খেলতে হবে, আরও বেশি সময় মাঠে থাকতে হবে। স্বাভাবিকভাবেই, সেই ছন্দ ফিরে আসবে।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় আমি আরও ভালো খেলতে পারি। নিজের ব্যাপারে আমি খুব কঠোর। আমার পারফরম্যান্সে আমি সন্তুষ্ট নই। গ্রুপ পর্বে আমি কখনোই সেরা খেলোয়াড় ছিলাম না। এটা নিয়ে আমি চিন্তিত নই। আমি জানি, নিজেকে প্রমাণ করার সুযোগ এখনও আছে। যত গুরুত্বপূর্ণ ম্যাচ এগিয়ে আসে, সেমিফাইনাল কিংবা ফাইনাল, আমি তত ভালো খেলি।’

২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো জয়ী ইয়ামাল এখন ক্যালিফোর্নিয়ার ইংলউডে অনুষ্ঠিতব্য বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল নিয়ে দারুণ উচ্ছ্বাসিত।

তিনি বলেন, ‘আমি দারুণ অনুভব করছি। দল হিসেবে আমরা কী করতে পারি এবং আমি ব্যক্তিগতভাবে কী করতে পারি, সেটা দেখানোর জন্য মুখিয়ে আছি। আশা করি, বেলজিয়ামের বিপক্ষে ম্যাচটি পুরো দলের জন্যই দারুণ একটি ম্যাচ হবে।’

আরএএইচইউএল/এমএমআর