মুক্তির দুই দশক পেরিয়ে গেলেও বলিউড সিনেমা ‘করপোরেট’ নিয়ে আক্ষেপ কাটেনি এর নির্মাতা মধুর ভান্ডারকরের। ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত এ সিনেমার জন্য অভিনেত্রী বিপাশা বসুর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া উচিত ছিল বলে মনে করেন তিনি। একই সঙ্গে সিনেমাটি কোনো জাতীয় পুরস্কার না পাওয়ায় সে সময় হতাশও হয়েছিলেন বলে জানিয়েছেন এ নির্মাতা।

‘করপোরেট’ মুক্তির ২০ বছর পূর্তি উপলক্ষ্যে দেওয়া এক সাক্ষাৎকারে মধুর ভান্ডারকর বলেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘করপোরেট’ এবং ‘ট্রাফিক সিগন্যাল’ দুটি সিনেমাই বিবেচনায় ছিল। যদিও ‘ট্রাফিক সিগন্যাল’ মুক্তি পেয়েছিল করপোরেটের কয়েক মাস পর।

ভান্ডারকর বলেন, করপোরেট কোনো পুরস্কার না পাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলাম। তবে ‘ট্রাফিক সিগন্যাল’-এর জন্য সেরা পরিচালকের জাতীয় পুরস্কার পাওয়াটা আনন্দের ছিল। পরে কয়েকজন বিচারক আমাকে জানিয়েছেন, ‘করপোরেট’ নাকি ‘ট্রাফিক সিগন্যাল’-কোন সিনেমার জন্য আমাকে পুরস্কার দেওয়া হবে, তা নিয়ে দুই থেকে তিন দিন আলোচনা হয়েছিল। শেষ পর্যন্ত সংখ্যাগরিষ্ঠ মত ‘ট্রাফিক সিগন্যাল’-এর পক্ষেই যায়।

তবে সবচেয়ে বেশি আক্ষেপ তার বিপাশা বসুকে ঘিরে। ‘করপোরেট’ সিনেমায় করপোরেট দুনিয়ার ক্ষমতার লড়াইয়ে আটকে পড়া এক উচ্চাভিলাষী নারীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ভান্ডারকরের মতে, এটি বিপাশার অভিনয়জীবনের সেরা কাজ। ‘বিপাশা অনেক প্রশংসা পেয়েছিল, কিছু পুরস্কারও জিতেছিল। কিন্তু আমার মনে হয়, জাতীয় পুরস্কার পেলে সেটি তার প্রাপ্য স্বীকৃতি হতো। সত্যি বলতে, এটি ছিল তার ক্যারিয়ারের সেরা অভিনয়।

অবশ্য সেসময় করপোরেট নিয়ে শুরুতে আস্থা ছিল না হল মালিকদের। মুক্তির সময় এটি খুব বেশি প্রেক্ষাগৃহ পায়নি। সেসময় ‘ফানা’, ‘ফির হেরা ফেরি’, ‘চুপ চুপ কে’ ও ‘কৃষ’ বাণিজ্যিকভাবে সফল সিনেমা চলছিল। করপোরেট জগতকে কেন্দ্র করে নির্মিত হওয়ায় সিনেমাটি নিয়ে অনেক হলমালিকও দ্বিধায় ছিলেন।

মধুর ভান্ডারকর জানান, মুম্বাইয়ের গেইটি-গ্যালাক্সি কর্তৃপক্ষ প্রথমে দিনে মাত্র একটি শো প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছিল। ‘তারা বলেছিল, এটি মাল্টিপ্লেক্স দর্শকদের সিনেমা। তাদের ধারণা ছিল, সাধারণ দর্শক আগ্রহ দেখাবে না। কিন্তু মুক্তির পর দর্শকদের সাড়া দেখে তারাই শোর সংখ্যা বাড়িয়ে দেয়’, বলেন তিনি।

তবে করপোরেট সিনেমা একটি দৃশ্য নিয়ে দর্শকদের কৌতূহল এখনো আছে। কায় কায় মেনন অভিনীত রীতেশ চরিত্রটি আত্মহত্যা করেছিল, নাকি তাকে হত্যা করা হয়েছিল-এ প্রশ্নের উত্তর জানতে চান অনেকেই। তবে এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে নারাজ ভান্ডারকর। হেসে তিনি বলেন, ‘এ প্রশ্নের উত্তর আমি কখনো দিইনি। এখনো কেউ জিজ্ঞাসা করলে বলি, ‘আপনি যেভাবে ভাবতে চান, সেভাবেই ভাবুন।’ সম্প্রতি এক অনুষ্ঠানেও একই প্রশ্ন শুনতে হয়েছে।’ মুক্তির ২০ বছর পরও করপোরেট আলোচনায় থাকার কারণ সম্ভবত এখানেই।