একসময় বিশ্বের কোটি দর্শকের কাছে তিনি ছিলেন রোমান্টিক ভ্যাম্পায়ার এডওয়ার্ড কালেন। ‘টুইলাইট’ সিরিজের মাধ্যমে হৃদয় জয় করা সেই রবার্ট প্যাটিনসন এখন যেন অন্য এক যাত্রায়। নায়ক নয়, বরং খলনায়কের ভূমিকায় নিজেকে নতুনভাবে আবিষ্কার করছেন তিনি। আর ২০২৬ সালে মুক্তি পেতে যাওয়া দুটি বহুলপ্রতীক্ষিত সিনেমা ‘দ্য ওডিসি’ এবং ‘ডিউন : পার্ট থ্রি’-সেই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ।
সম্প্রতি লন্ডনে ‘দ্য ওডিসি’ সিনেমার বিশ্ব প্রিমিয়ারে উপস্থিত হয়ে প্যাটিনসন খোলাখুলিভাবে জানিয়েছেন, তিনি খলচরিত্রে অভিনয় করতে বেশ উপভোগ করেন। তিনি বলেন, ‘মানুষের প্রত্যাশা কমিয়ে দিতে আমার ভালো লাগে। কম প্রতিশ্রুতি দিয়ে বেশি কিছু উপহার দেওয়া-এটাই আমার মূলমন্ত্র।’
এ মন্তব্যেই যেন ধরা পড়ে প্যাটিনসনের অভিনয় দর্শন। তিনি এমন চরিত্র বেছে নিতে পছন্দ করেন, যেগুলো সহজে বিচার করা যায় না। ভালো-মন্দের সাদা-কালো সীমারেখার বদলে তিনি খুঁজে বেড়ান ধূসর অঞ্চল।
‘দ্য ওডিসি’ সিনেমায় প্যাটিনসন অভিনয় করেছেন অ্যান্টিনোয়াস চরিত্রে। গ্রিক মহাকাব্যের এ চরিত্রটিকে সাধারণত গল্পের অন্যতম প্রধান প্রতিপক্ষ হিসাবে দেখা হয়। ট্রয় যুদ্ধের পর দীর্ঘদিন নিখোঁজ ওডিসিয়াসের স্ত্রী পেনেলোপিকে বিয়ে করে ইথাকার সিংহাসন দখলের স্বপ্ন দেখে অ্যান্টিনোয়াস। এমনকি ওডিসিয়াসের ছেলে টেলেম্যাকাসকেও সরিয়ে দিতে চায় সে।
তবে প্যাটিনসনের চোখে চরিত্রটি এতটা সরল নয়। তিনি মজার ছলে বলেন, ‘আমি মনে করি না সে সত্যিকারের খারাপ মানুষ। এটা আসলে একটা প্রেমের গল্প। পেনেলোপি শুধু অ্যান্টিনোয়াসের একটু বড় হওয়ার অপেক্ষায় আছে।’
অন্যদিকে, বছরের আরেকটি আলোচিত সিনেমা ‘ডিউন : পার্ট থ্রি’-এও দেখা যাবে তার অন্ধকার রূপ। সেখানে তিনি অভিনয় করছেন স্কাইটেল চরিত্রে-এক রহস্যময় রূপান্তরশীল ব্যক্তি, যার লক্ষ্য সম্রাট পল অ্যাট্রেইডিসকে ক্ষমতাচ্যুত করা। জনপ্রিয় ডিউন মহাবিশ্বে এ চরিত্রটি ষড়যন্ত্র, কৌশল এবং ক্ষমতার লড়াইয়ের কেন্দ্রবিন্দু।
মজার বিষয় হলো, ‘দ্য ওডিসি’ এবং ‘ডিউন : পার্ট থ্রি’-দুই সিনেমায়ই প্যাটিনসনের সহশিল্পী হিসাবে আছেন জেনডায়া। এর আগে ‘দ্য ড্রামা’ সিনেমায়ও একসঙ্গে কাজ করেছেন তারা।
গত এক দশকে রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ার লক্ষ করলে দেখা যায়, তিনি ধীরে ধীরে মূলধারার ‘নায়ক’ ইমেজ থেকে বেরিয়ে এসে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সাহসী ও পরীক্ষামূলক অভিনেতা হিসাবে। ‘দ্য লাইটহাউজ’, ‘গুড টাইম’, ‘দ্য ব্যাটম্যান’ কিংবা ‘মিকি সেভেনটিন’-প্রতিটি কাজেই তিনি নতুন চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এবার সেই ধারাবাহিকতায় খলনায়কের ভূমিকাও হয়ে উঠেছে তার অভিনয়জীবনের নতুন আকর্ষণ।
১৭ জুলাই মুক্তি পাবে ‘দ্য ওডিসি’ এবং ১৮ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসবে ‘ডিউন : পার্ট থ্রি’। দুটি সিনেমা শুধু দর্শকদের জন্য নয়, রবার্ট প্যাটিনসনের ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ মাইলফলক হতে যাচ্ছে। কারণ, নায়ক হিসাবে তার সাফল্যের গল্প দর্শক আগেই দেখেছেন; এখন দেখার পালা, খলনায়ক হিসাবে তিনি কতটা আলোড়ন তুলতে পারেন।








