রাজধানীর কেরানীগঞ্জে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণে রাকিব, রাজন ও সুমন নামের তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। শুক্রবার রাতে বরইতলা এলাকার এক বাসায় গ্যাস লাইনের কাজের সময় এ ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানান, তিনজনই বর্তমানে আশঙ্কামুক্ত।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আহতদের চিকিৎসা চলছে।

জানা যায়, বরইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজের একপর্যায়ে পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। ঘটনার পর সহকর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। রাকিবের শরীরের প্রায় ১৭ শতাংশ দগ্ধ হয়েছে। রাজন ও সুমনের দগ্ধের পরিমাণ তুলনামূলক কম।